অসদাচরণ ও ‘পলায়ন’ অভিযোগে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ AM BST ২৪ বার পঠিত
অসদাচরণ ও ‘পলায়ন’ অভিযোগে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

collected

অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান এবং গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাঁদের বরখাস্তের আদেশ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এস এম মেহেদী হাসান ডিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ই-মেইলে নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি এবং কারণ দর্শানোর নোটিশের জবাবও দেননি। বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরামর্শের ভিত্তিতে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

অন্যদিকে মো. রহমত উল্লাহ চৌধুরী গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এ কর্মরত থাকা অবস্থায় ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি চিকিৎসকের পরামর্শে দুই মাসের বিশ্রামে যান। বিশ্রাম শেষে ১১ এপ্রিল কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি আর যোগ দেননি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা এবং একাধিকবার নোটিশ দেওয়া হলেও কর্মস্থলে তাঁর উপস্থিতি নিশ্চিত করা যায়নি।

বিভাগীয় তদন্তে রহমত উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। তিনিও কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। পরবর্তী সময়ে সরকারি কর্মকমিশনের পরামর্শ নেওয়া হয় এবং বরখাস্তকরণসূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে তাঁর চাকরি থেকে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: