ব্রেকিং

প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার, উপজেলা পর্যায়ে এআই দিয়ে ক্যানসার শনাক্তের পরিকল্পনা

Sharmin Sultana Sharmin Sultana ১৫ অক্টোবর ২০২৬, ১:৪৮ PM BST ৭০ বার পঠিত
প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার, উপজেলা পর্যায়ে এআই দিয়ে ক্যানসার শনাক্তের পরিকল্পনা

collected

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না হওয়ায় অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে। এতে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি জানান, এ লক্ষ্যে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিমা ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিকিৎসা ব্যয়ের কারণে সাধারণ মানুষের আর্থিক দুর্ভোগের বিষয়টি তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসার খরচ মেটাতে মানুষকে নিজের পকেট থেকে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এতে অনেকেই আর্থিক সংকটে পড়েন, যা অত্যন্ত বেদনাদায়ক। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিমা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গর্ভকালীন সময়ে মা ও নারীরা যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি বা হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, এসব স্বাস্থ্যকেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তের জন্য স্ক্রিনিং ও পরীক্ষার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। কম খরচে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে নারীদের জন্য প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সহজলভ্য করার লক্ষ্য রয়েছে।

স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও বিভিন্ন চ্যালেঞ্জ দূর করার ওপরও গুরুত্বারোপ করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতিটি স্তরে পর্যায়ক্রমে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

কর্মশালায় স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন, স্বাস্থ্যবিমা ব্যবস্থার প্রসার এবং নারীদের জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, অগ্রাধিকারভিত্তিক উদ্যোগগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: