প্রবাসীদের ভাষা শেখাতে ১ হাজার কোটি টাকার তহবিল, মিলবে ১০ লাখ টাকা ঋণ

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ AM BST ১৮ বার পঠিত
প্রবাসীদের ভাষা শেখাতে ১ হাজার কোটি টাকার তহবিল, মিলবে ১০ লাখ টাকা ঋণ

collected

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বাড়াতে ভাষা শিক্ষার জন্য ১ হাজার কোটি টাকার তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তবে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের বড় একটি অংশ অদক্ষ শ্রমিক। দক্ষতা বাড়ানোর অন্যতম উপায় হিসেবে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট দেশের ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি অপ্রচলিত শ্রমবাজারে যেতে হলে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা গুরুত্বপূর্ণ। এ কারণে বিদেশে যাওয়ার আগে বা কর্মসংস্থানের প্রস্তুতির অংশ হিসেবে ভাষা শেখার সুযোগ তৈরি করতে এই ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এর আওতায় বাংলাদেশ ব্যাংক ১ হাজার কোটি টাকার তহবিল দেবে। ওই অর্থ দিয়ে যেসব দেশে বাংলাদেশি কর্মীরা যাবেন, সেসব দেশের বেসিক ভাষা শেখার জন্য অর্থায়ন করা হবে।

ঋণের ব্যবহার নিয়ে প্রশ্ন

ভাষা শিক্ষা বাবদ সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও অভিবাসন খাতের বিশেষজ্ঞরা। তাঁদের কেউ কেউ মনে করছেন, ভাষা শেখার জন্য এত বড় অঙ্কের ঋণের প্রয়োজনীয়তা ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস শেকিল চৌধুরী ভাষা শিক্ষার জন্য ১০ লাখ টাকা ঋণের সীমা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণের ক্ষেত্রে প্রকৃত ব্যয় বিবেচনায় নেওয়া উচিত।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি যাবে ঋণের অর্থ

প্রবাসী কল্যাণ ব্যাংক জানিয়েছে, ঋণের অর্থ যাতে নির্ধারিত কাজেই ব্যবহার হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম বলেন, জাপানে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। তবে ওই অর্থ ঋণগ্রহীতার ব্যক্তিগত ব্যাংক হিসাবে দেওয়া হবে না। জাপানে যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি ভাষা শেখার জন্য ভর্তি হবেন, সেখানে সরাসরি টিউশন ফি পরিশোধ করা হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক জানিয়েছে, ভাষা শিক্ষা ছাড়াও অভিবাসন খাতের উন্নয়নে নিজস্ব নিয়ম ও নীতিমালা অনুযায়ী এই তহবিল ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: