প্রথম সচিব সভায় সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের তাগিদ

Sharmin Sultana Sharmin Sultana ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ AM BST ৩১ বার পঠিত
প্রথম সচিব সভায় সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের তাগিদ

collected

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভায় সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি বন্ধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ সচিব সভা অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় দেড় বছর কোনো সচিব সভা অনুষ্ঠিত হয়নি। প্রায় দুই বছর পর আবার এ ধরনের সভা অনুষ্ঠিত হলো।

সচিব সভা সরকারের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এবারের সভার আলোচ্যসূচিতে চারটি বিষয় রাখা হয়েছিল। এর মধ্যে ছিল সরকারের কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ নিয়ে আলোচনা এবং সরকারের কার্যক্রমকে আরও গতিশীল, কল্যাণমুখী ও কার্যকর করার বিষয়।

এ ছাড়া জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয় সচিবরা উপস্থাপন করলে তা নিয়েও আলোচনার সুযোগ রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের সচিব সভায় চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিশেষ গুরুত্ব পেয়েছে। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে পারে—এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য চাপ মোকাবিলায় করণীয় নিয়েও আলোচনা হয়েছে।

সরকারের একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে তার প্রভাব যাতে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের চাপ তৈরি না করে, সে জন্য আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ করে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়ানোর উপায় নিয়ে সচিব সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ওই সচিবের ভাষ্য অনুযায়ী, সরকারি চাকরির শূন্য পদ পূরণ, সরকারি কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি ভবন ও স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

সচিব সভায় সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে অর্থ ব্যয়, উপকারভোগী নির্বাচনসহ পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সচিবদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: