collected
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, চালক ও সহকারীকে মারধর এবং সোয়েটার লুটের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনের সড়কে একটি কাভার্ড ভ্যানের পথরোধ করা হয়।
এজাহারে বলা হয়েছে, দুর্গাপুর উপজেলার কেট্টা বাজারের আকন্দ ফ্যাশন সোয়েটার কারখানা থেকে ৭১ বস্তায় ৫ হাজার ২২৮টি সোয়েটার নিয়ে গাড়িটি গাজীপুরের ভবানীপুর বাজারে যাচ্ছিল। পথে সালমান রহমানের নেতৃত্বে কয়েকজন গাড়িটির চাবি নিয়ে চালক মো. শরিফ ও তাঁর সহকারী মো. শাহাজাহান আলীকে ভয় দেখান। একপর্যায়ে চালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
চাঁদার টাকা না দেওয়ায় গাড়িটি শ্যামগঞ্জ বাজারের অ্যাম্বিশন মডেল কলেজের সামনে নিয়ে যাওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে কারখানার মালিকের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সেখানে গিয়ে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। অভিযোগ অনুযায়ী, চাঁদার টাকা না পেয়ে গাড়ি থেকে ১১ বস্তায় থাকা ৭৭৩টি সোয়েটার নিয়ে যাওয়া হয়। এসব সোয়েটারের মূল্য ৬৮ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে জেলা ছাত্রদলের নেতাদের মধ্যস্থতায় নেওয়া ৭৭৩টি সোয়েটারের মধ্যে ৭৬৬টি ফেরত দেওয়া হয় বলে এজাহারে বলা হয়েছে। এ ঘটনায় আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক হারুন রশিদ বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় সালমান রহমান ও তাঁর সহযোগী মোরাদ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার রাতে সালমান রহমানকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে সালমান রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।