collected
মিরপুরের রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঘটনার সঙ্গে রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় থাকলেও তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, অভিযুক্তদের কারও রাজনৈতিক পরিচয় থাকলেও তা বিবেচনায় নেওয়া হবে না। যারা অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা সেন্টারের একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। একই সময়ে পাকা ভবনের আল্ট্রাসনোগ্রাম কক্ষ, টিকাকক্ষ ও ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়। অভিযোগ অনুযায়ী, স্থাপনা থেকে আসবাবপত্র, ওষুধ, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও আলমারিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়া হয়। মামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে।
রাড্ডা সেন্টারটি ঢাকা-১৪ সংসদীয় আসনের আওতাধীন। জমি দখল ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে অন্যান্য জমি দখলের ঘটনাও তদন্তের আওতায় এনে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তিনি দাবি করেন, কোনো অপরাধের ঘটনায় পুলিশকে অবহেলা করতে দেওয়া হচ্ছে না এবং জরুরি নম্বর ৯৯৯-এ ফোন পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।