ব্রেকিং

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Sharmin Sultana Sharmin Sultana ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ PM BST ৩ বার পঠিত
রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

collected

রাষ্ট্র পুনর্গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাটে অনেক মানুষ অসচেতনভাবে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলছেন। সবাইকে সম্মিলিতভাবে তাঁদের সচেতন করার উদ্যোগ নিতে হবে। যাঁরা ময়লা-আবর্জনা ফেলেন, তাঁদের নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

প্রধানমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে বলেন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করলে পরিবর্তন আনা সম্ভব। এ সময় উপস্থিত সবাই সমস্বরে ‘আমরা পারব’ বলে সাড়া দেন।

তিনি বলেন, নিজেদের সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকেও সুস্থ রাখার দায়িত্ব সবার। পরিচ্ছন্নতা নিশ্চিত করার কাজ খুব কঠিন নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতি সপ্তাহে বাসা, স্কুল, কলেজ, কর্মস্থল কিংবা যে প্রতিষ্ঠানে মানুষ থাকেন বা কাজ করেন, সেখানে অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দিলে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বক্তব্য দেন।

এ ছাড়া অনুষ্ঠানে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: