collected
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। গত শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দুই বাংলাদেশি নাগরিকের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।
নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। পাশাপাশি চলমান সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ বলেছে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন।
হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশনের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।