collected
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহে বিলম্ব
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহ বিলম্বিত হয়েছে। ইউরেনিয়ামবাহী একটি কার্গো বিমান গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসতে পারেনি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম টেলিফোনে এএনআইকে জানান, রূপপুরের ইউরেনিয়ামবাহী কার্গো বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল। তবে বিমানটিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত সময়ে চালানটি পৌঁছায়নি।
তবে পাকিস্তান কেন আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো কারণ জানা যায়নি।
অক্টোবরে আসতে পারে ইউরেনিয়াম
মন্ত্রী জানান, ইউরেনিয়াম সরবরাহের জন্য নতুন তারিখ প্রস্তাব করা হয়েছে। রাশিয়া জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামও জানান, ইউরেনিয়ামবাহী বিমান আসার জন্য বাংলাদেশের বিমানবন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে রুশ পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তা আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি জানানোর পর চালানটি পাঠানো সম্ভব হয়নি।
তিনি বলেন, এ কারণে নতুন করে সময়সূচি নির্ধারণ করতে হতে পারে।
কোন দেশ বাধা দিয়েছে, নিশ্চিত নয়
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কোন দেশ আকাশসীমা ব্যবহারে বাধা দিয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। এ বিষয়ে রোসাটমের এক প্রতিনিধির কাছে এএনআই ই-মেইলে জানতে চাইলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
রূপপুর প্রকল্পে দুই ইউনিট
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের কারিগরি সহায়তা এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীর পাকশীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পে তৃতীয় প্রজন্মের দুটি ভিভিইআর-১২০০ পারমাণবিক চুল্লি নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
২০২৩ সালে রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান রাশিয়া থেকে বাংলাদেশে পৌঁছেছিল। ওই চালানে ১৬৪টি ফুয়েল অ্যাসেম্বলি ছিল। পরে বিশেষ বিকিরণ-সুরক্ষিত কনটেইনারে করে ইউরেনিয়াম রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।