শাবিপ্রবিতে ছাত্রলীগের নামে হল কমিটির বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ

Pinky Saha Pinky Saha ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০৪ PM BST ২১ বার পঠিত
শাবিপ্রবিতে ছাত্রলীগের নামে হল কমিটির বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিনটি আবাসিক হলে কমিটি গঠনের জন্য নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অজ্ঞাত স্থান থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে শনিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাবিপ্রবি শাখা ছাত্রদল।

ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, বিজ্ঞপ্তিতে শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানের স্বাক্ষর রয়েছে। এতে জরুরি সিদ্ধান্তের কথা উল্লেখ করে ছাত্রদের তিনটি আবাসিক হলের কমিটি গঠনের উদ্যোগের কথা বলা হয়েছে। পদপ্রত্যাশীদের ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে এ নিয়ে সমালোচনা শুরু হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শাবিপ্রবি শাখা ছাত্রদল। সংগঠনের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে মিছিলটি ছেলেদের তিনটি আবাসিক হল প্রদক্ষিণ করে আবার শাহপরাণ হলের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সমাবেশে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন অভিযোগ করেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতুন করে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তাঁর দাবি, আবাসিক হলের কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ সেই প্রচেষ্টার অংশ। ক্যাম্পাসে ছাত্রদল অবস্থানকালে ছাত্রলীগের মতো সংগঠনের কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।

শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন কমিটি গঠনের উদ্যোগ প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের প্রতি চ্যালেঞ্জ। এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: