‘শেখ হাসিনা কোন ডিসেম্বর দেশে আসবেন, তা ক্লিয়ার করুন’

Sharmin Sultana Sharmin Sultana ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫২ PM BST ৩৬ বার পঠিত
‘শেখ হাসিনা কোন ডিসেম্বর দেশে আসবেন, তা ক্লিয়ার করুন’

collected

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, ‘এ রকম ডিসেম্বর মাস আমাদের জীবনে বহু গেছে। বহু রোজ, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের নাকি ৫০ সালের ডিসেম্বর—এটা ক্লিয়ার করেন।’ হুমকি-ধমকি দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা কোন সীমান্ত দিয়ে দেশে ফিরবেন, সেটিও ঘোষণা করার আহ্বান জানান দুলু। জুলাই আন্দোলনে নিহতদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁদের রক্তের দাগ এখনো শুকায়নি। জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং গত ১৭ বছরে গুম-খুনের শিকার পরিবারগুলো বিচারের অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দুলু বলেন, গত ১৭ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিচারের মুখোমুখি হতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ছয় মাসের কার্যক্রম প্রসঙ্গে দুলু বলেন, নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী বিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে সকাল ৯টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত কাজ করছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী কোনো বিশেষ প্রটোকল নেন না এবং সাধারণ মানুষের সঙ্গে বৈষম্যহীন আচরণের দৃষ্টান্ত তৈরি করেছেন।

অতীতে প্রধানমন্ত্রীর প্রটোকলের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যেখানে প্রধানমন্ত্রী ও সাধারণ নাগরিকের মধ্যে বৈষম্য থাকবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেকে সাধারণ মানুষের একজন হিসেবে বিবেচনা করেন এবং রিকশাচালকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে চান।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: