সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর পর্যন্ত বাড়তে পারে ডেঙ্গু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Sharmin Sultana Sharmin Sultana ৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৫ PM BST ১৪ বার পঠিত
সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর পর্যন্ত বাড়তে পারে ডেঙ্গু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

collected

চলতি মৌসুমে সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তাই অক্টোবর শুরু হওয়ার আগেই মশাবাহিত এ রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা কম হলেও পরিস্থিতিকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামীকাল থেকে জনগণকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান ড. এ এম এ মুহিত। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না, সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

বিশেষ করে রাজধানী ঢাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার, স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গণমাধ্যমকেও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আগাম প্রস্তুতি ও সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলা করা সহজ হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: