শহীদ দুই সেনা সদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ PM BST ২৬ বার পঠিত
শহীদ দুই সেনা সদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

collected

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে সরকার তাঁদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকার ও সেনাবাহিনী সব সময় পরিবারগুলোর পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি শহীদ সেনা সদস্যদের পরিবারের দেখভালের দায়িত্ব সরকার পালন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। পরে তিনি দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় জানানো হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ দুই সেনা সদস্যের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্ফোরণে শহীদ হন দুই সেনা সদস্য

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনা সদস্য শহীদ হন। তাঁরা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার।

অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: