সুনীল অর্থনীতি নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

Sharmin Sultana Sharmin Sultana ২১ সেপ্টেম্বর ২০২৬, ১:৪২ PM BST ২৮ বার পঠিত
সুনীল অর্থনীতি নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

collected

বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি গুরুত্বপূর্ণ একটি খাত হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশের সমুদ্রসীমায় থাকা বিপুল সম্পদ ও সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষা ও গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে আয়োজিত দ্বিতীয় চীন-বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা

শিক্ষামন্ত্রী বলেন, সুনীল অর্থনীতি ও সার্কুলার ইকোনমিকে কেন্দ্র করে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় শিক্ষা, গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বড় সম্পদ হলো বিশাল জনগোষ্ঠী। এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পাশাপাশি সমুদ্রসম্পদের সম্ভাবনাও কাজে লাগাতে হবে।

সমুদ্রসম্পদ নিয়ে গবেষণায় গুরুত্ব

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এই বিশাল সামুদ্রিক এলাকার সম্পদ ও সম্ভাবনা নিয়ে শিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

সুনীল অর্থনীতি নিয়ে চীনের গবেষক ও অধ্যাপকরাও কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান ও গবেষণা বিনিময়ের সুযোগ রয়েছে।

সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি।

কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান

শিক্ষামন্ত্রী শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা টিভিইটি খাতেও বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর মতে, দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার গুরুত্বপূর্ণ।

সম্প্রতি চীন সফরে দেশটির শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গড়ে ওঠা সহযোগিতার বিভিন্ন দিক দেখেছেন বলেও জানান তিনি। এসব অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

চীনের সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও শক্তিশালী করা সম্ভব।

সুনীল অর্থনীতি, শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সম্ভাবনাগুলো আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ চীনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: