collected
দেশের বেকার সমস্যা কমানো এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তরুণদের চাকরিপ্রার্থী না বানিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির আনুষ্ঠানিক আবেদনপ্রক্রিয়া শুরু হচ্ছে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর)।
কর্মসূচির আওতায় উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের নির্বাচন করে ব্যবসা শুরু বা পরিচালনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচিত প্রার্থীরা নতুন বা বিদ্যমান ব্যবসার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে ৫০ শতাংশ বা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি ৫০ শতাংশ বা সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ অর্থায়নের জন্য উদ্যোক্তাকে কোনো সহায়ক জামানত দিতে হবে না। তবে ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার এবং সময়মতো কিস্তি পরিশোধ করতে হবে।
ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধে ব্যর্থ হলে কিংবা অর্থ নির্ধারিত খাতের বাইরে ব্যবহার করা হলে অনুদানের সুবিধা বাতিল হতে পারে। সে ক্ষেত্রে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হবে এবং পরবর্তী সময়ে তা সরকারি পাওনা হিসেবে আদায় করা হবে।
আবেদনের যোগ্যতা
কর্মসূচিতে আবেদন করতে হলে আবেদন জমা দেওয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তাঁকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একটি বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক ধারণা বা পরিকল্পনা থাকতে হবে।
এর আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন—এমন ব্যক্তি এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন না। ঋণখেলাপি ব্যক্তি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরাও এ সুবিধার আওতায় আসবেন না।
আবেদনে ভুল বা মিথ্যা তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল করা হবে।
যেসব খাতে অর্থায়ন
কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে তরুণ উদ্যোক্তারা এ সুবিধা পাবেন।
এ ছাড়া ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক, হেলথটেকসহ প্রযুক্তিনির্ভর স্টার্টআপ এবং আয় উপযোগী বৈধ উদ্যোগেও অর্থায়নের সুযোগ থাকবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
বয়সসীমা: শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর
সর্বোচ্চ অর্থায়ন: ২০ লাখ টাকা
ঋণ: সর্বোচ্চ ১০ লাখ টাকা
অনুদান: সর্বোচ্চ ১০ লাখ টাকা
জামানত: সহায়তামূলক জামানত ছাড়াই অর্থায়নের ব্যবস্থা
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আবেদনকারীকে নিজ এলাকার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে পূরণ করা আবেদন ফরম, জাতীয় পরিচয়পত্র, ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ, ছবি এবং শিক্ষাগত ও প্রশিক্ষণ সনদ—যদি থাকে।