Photo Collected
ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ছিল জয়ের জন্মদিন। বিশেষ এই দিনে বাবা-মা দুজনের কাছ থেকেই পেয়েছে ভালোবাসা ও শুভেচ্ছা।
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে সে সময় তাদের বিয়ের খবর গোপন রাখা হয়েছিল।
এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের ছেলে আব্রাম খান জয়ের। প্রায় এক বছর পর ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাসের সেই ঘোষণার পর শাকিব খান-অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একই সঙ্গে অল্প সময়ের মধ্যেই জয়ও পরিচিত হয়ে ওঠে বিনোদনপ্রেমীদের কাছে।
জয়ের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় অসংখ্য ফেসবুক পেজ ও গ্রুপ। অনেক জনপ্রিয় তারকার মতোই তাকে নিয়েও নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা যায়।
জয়ের ১০ম জন্মদিনে প্রথম প্রহরেই তাকে শুভেচ্ছা জানান মা অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি।
ছবিগুলোর সঙ্গে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
অন্যদিকে ছেলে জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। সামাজিক মাধ্যমে জয়ের একক একটি ছবি প্রকাশ করেন ঢালিউডের এই অভিনেতা।
ছবিতে কালো পাঞ্জাবি ও কালো কটি পরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় জয়কে। ছবির ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
বাবা-মায়ের আলাদা জীবনের পথচলা হলেও জয়ের বিশেষ দিনটিতে দুজনের সামাজিক মাধ্যমের শুভেচ্ছাবার্তায় সন্তানের প্রতি তাদের ভালোবাসার প্রকাশ ঘটেছে।
জন্মের পর থেকেই বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাসের কারণে আলোচনায় থাকা আব্রাম খান জয় এখন নিজেও বড় হয়ে উঠছে। ১০ম জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছায় তার বিশেষ দিনটি আরও স্মরণীয় হয়ে উঠেছে।