Photo Collected
সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, ভুয়া তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া বক্তব্য, বিকৃত স্ক্রিনশট ও ভুয়া পরিচয়ে প্রচারণার অভিযোগে সোমবার (২৬ অক্টোবর) হায়দরাবাদের সাইবার অপরাধ তদন্ত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাঁদের প্রতিনিধিরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ নিজেদের প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন বিজয় ও রাশমিকা। অনুষ্ঠানে বিজয় জানান, রাশমিকাকে বিয়েতে রাজি করাতে তাঁকে প্রায় ১০০ বার প্রস্তাব দিতে হয়েছিল। তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে তাঁদের সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করেন এবং বিজয়ের পুরোনো সাক্ষাৎকার সামনে এনে তাঁর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।
এ পরিস্থিতিতে রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে আট পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, সমালোচনা ও ভিন্নমত প্রকাশের অধিকার সবার থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছেছে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনেরই নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল বলেও জানান তিনি। বিজয়ের সময় নেওয়ার অর্থ তাঁদের ভালোবাসায় ঘাটতি ছিল, এমন নয় বলে ব্যাখ্যা করেন অভিনেত্রী। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সমালোচনার অজুহাতে পরিবারের সদস্যদের আক্রমণ না করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, বিজয় দেবরাকোন্ডাও সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে একটি ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে স্ত্রীকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করে তাঁদের দাম্পত্য জীবনে সুখী থাকার কথা জানান অভিনেতা।
তারকা দম্পতির প্রতিনিধিদলের অভিযোগে বলা হয়েছে, তাঁদের নিয়ে মনগড়া বক্তব্য, বিকৃত স্ক্রিনশট ও উদ্দেশ্যপ্রণোদিত অনলাইন হয়রানির ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের পেছনে সংঘবদ্ধ বা অর্থের বিনিময়ে পরিচালিত প্রচারণা রয়েছে কি না, তা তদন্তেরও অনুরোধ জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইন পোস্টের লিংক ও অন্যান্য তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে এবং এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে বিয়ে করেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটলেন এই তারকা দম্পতি।