১০ কোটি ভিউ পেরিয়ে শীর্ষে ‘হিজ অ্যান্ড হার্স’, কেন এত জনপ্রিয় সিরিজটি?

Pinky Saha Pinky Saha ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:০৫ PM BST ২৬ বার পঠিত
১০ কোটি ভিউ পেরিয়ে শীর্ষে ‘হিজ অ্যান্ড হার্স’, কেন এত জনপ্রিয় সিরিজটি?

ছবি: সংগৃহীত

একটি খুন, এক দম্পতি এবং দুজনের দুই রকম গল্প। কে সত্য বলছে আর কে মিথ্যা—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবার বদলে যায় চরিত্রগুলো সম্পর্কে দর্শকের ধারণা। এমন গল্প নিয়েই তৈরি নেটফ্লিক্সের রহস্য-থ্রিলার সিরিজ ‘হিজ অ্যান্ড হার্স’।

অ্যালিস ফিনির ২০২০ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ছয় পর্বের সিরিজটি মুক্তি পায় ৮ জানুয়ারি। উইলিয়াম ওল্ডরয়েড পরিচালিত সিরিজটির অন্যতম নির্বাহী প্রযোজক জেসিকা চ্যাস্টেইন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন টেসা থম্পসন ও জন বার্নথাল।

গল্পের কেন্দ্রে আনা অ্যান্ড্রুজ ও জ্যাক হার্পার। আনা আটলান্টার একজন টেলিভিশন সংবাদ উপস্থাপক। নিজের বেড়ে ওঠার শহর ডালোনেগায় একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি আবার সাংবাদিকতার পুরোনো নেশায় ফিরেন। কিন্তু তদন্তে নেমে তিনি মুখোমুখি হন গোয়েন্দা জ্যাক হার্পারের—যিনি তাঁর বিচ্ছিন্ন স্বামী।

এখান থেকেই শুরু হয় মূল রহস্য। একই হত্যাকাণ্ডকে আনা ও জ্যাক দেখছেন দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে। একজন সাংবাদিক হিসেবে সত্য খুঁজছেন, অন্যজন গোয়েন্দা হিসেবে খুনের তদন্ত করছেন। কিন্তু তদন্ত যত এগোয়, সন্দেহের তির ততই ঘুরে আসে দুজনের দিকে।

সিরিজটির অন্যতম আকর্ষণ টেসা থম্পসন ও জন বার্নথালের অভিনয়। আনা চরিত্রে থম্পসনকে দেখা গেছে উচ্চাভিলাষী, বুদ্ধিমান ও দৃঢ়চেতা সাংবাদিক হিসেবে। অন্যদিকে জ্যাকের চরিত্রে বার্নথালকে তদন্তের পাশাপাশি নিজের অতীত ও ভেঙে যাওয়া সম্পর্কের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়।

হত্যারহস্যের পাশাপাশি সিরিজটিতে রয়েছে বিশ্বাসভঙ্গ, পুরোনো সম্পর্ক, প্রতিশোধ, পারিবারিক দ্বন্দ্ব ও অতীতের গোপন ঘটনা। আনা ও জ্যাকের দাম্পত্য কেন ভেঙে গেল, তাঁদের মধ্যে আসলে কী ঘটেছিল—সেই প্রশ্নও ধীরে ধীরে মূল রহস্যের অংশ হয়ে ওঠে।

নেটফ্লিক্সের ২০২৬ সালের প্রথম ছয় মাসের হিসাবে, ‘হিজ অ্যান্ড হার্স’ ছিল বছরের প্রথমার্ধে সবচেয়ে বেশি দেখা সিরিজ। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিরিজটির ভিউ হয়েছে প্রায় ১০ কোটি ৪ লাখ। একই সময়ে দ্বিতীয় স্থানে থাকা ‘ব্রিজারটন’-এর চতুর্থ মৌসুমের ভিউ ছিল প্রায় ১০ কোটি ২ লাখ।

তবে দর্শকদের আগ্রহের সঙ্গে সমালোচকদের প্রতিক্রিয়া পুরোপুরি মেলেনি। রটেন টমেটোজে সিরিজটির সমালোচক স্কোর ৭১ শতাংশ এবং দর্শক স্কোর ৬২ শতাংশ। মেটাক্রিটিকে ২১ জন সমালোচকের পর্যালোচনায় স্কোর ৫৪/১০০।

সমালোচকদের একাংশ গল্পের যুক্তি, সংলাপ ও কিছু চরিত্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও টেসা থম্পসন ও জন বার্নথালের অভিনয় এবং দ্রুতগতির গল্প বলার প্রশংসা করেছেন অনেকে। ফলে সমালোচনা থাকলেও দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখার ক্ষেত্রে সিরিজটি যে সফল, নেটফ্লিক্সের দর্শকসংখ্যাই তার বড় প্রমাণ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: