ছবি: সংগৃহীত
প্রায় দুই দশক পর ‘মায়ার জঞ্জাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছিলেন অপি করিম। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাটি এবার আসছে ওটিটিতে। আজ বুধবার রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘ফড়িং’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’–এর নির্মাতা পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’। সিনেমাটির প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিনেমায় অপি করিমের চরিত্রের নাম সোমা। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তাঁর চরিত্রের নাম চন্দন। আরও অভিনয় করেছেন ঢাকার সোহেল মন্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষসহ অনেকে।
সমাজের প্রান্তিক বাস্তবতায় থাকা সোমা ও চন্দনের জীবনসংগ্রামকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। দারিদ্র্য, বেকারত্ব, ভঙ্গুর সম্পর্ক ও নৈতিক আপসের মতো নগরজীবনের নানা বাস্তবতা উঠে এসেছে এতে।
প্রায় দুই দশক পর সিনেমায় ফেরার প্রসঙ্গে অপি করিম জানিয়েছিলেন, লেখাপড়া ও পরবর্তী সময়ে কাজের ব্যস্ততার কারণে নিয়মিত সিনেমায় কাজ করা হয়নি। তবে ইন্দ্রনীল রায়চৌধুরীর আগের কাজ এবং ‘মায়ার জঞ্জাল’-এর গল্প ও চরিত্র তাঁকে সিনেমাটিতে অভিনয়ে আগ্রহী করে।
২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘মায়ার জঞ্জাল’-এর। পরে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। ইতালির এশিয়াটিকা চলচ্চিত্র উৎসব, কলকাতার আর্টহাউস এশিয়া চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কার পেয়েছে এটি। ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সিনেমাটি সাতটি পুরস্কার অর্জন করে।
দুই বাংলার প্রেক্ষাগৃহে ‘মায়ার জঞ্জাল’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি। এবার ওটিটিতে নতুন করে দর্শকদের সামনে আসছে অপি করিম অভিনীত সিনেমাটি।