Photo Collected
‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের সাফল্যের পর নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে হাজির হয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সম্পর্কের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটির প্রথম পর্ব মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া পড়েছে। বুধবার দুপুর ১২টায় চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় নাটকটির। মুক্তির মাত্র ২৩ ঘণ্টায় প্রথম পর্বের ভিউ ৪৭ লাখ ছাড়িয়ে গেছে। ইউটিউবের মন্তব্যের ঘরেও ধারাবাহিকটি নিয়ে প্রশংসা করছেন দর্শকেরা।
নতুন এই ধারাবাহিকে আগের নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দীপা খন্দকার, খায়রুল বাসার ও মনিরা মিঠু। পাশাপাশি ধারাবাহিকটির অন্যতম আকর্ষণ নব্বই দশকের জনপ্রিয় দুই তারকা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমের পুনর্মিলন। প্রায় ১৩ বছর পর আবার একই নাটকে অভিনয় করছেন তাঁরা। তাঁদের সঙ্গে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী, এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
ধারাবাহিকটিতে অভিনয়ের কথা ছিল সুমাইয়া শিমুরও। এক দিন শুটিং করার পর চোখে ভাইরাস সংক্রমণের কারণে শেষ পর্যন্ত কাজটি চালিয়ে যেতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে গল্পে যুক্ত হয়েছেন দীপা খন্দকার এবং দীপার চরিত্রে অভিনয় করছেন রোজী সিদ্দিকী।
প্রথম লটে ধারাবাহিকটির ১০ পর্বের শুটিং শেষ হয়েছে। ঢাকার উত্তরায় চলতি সপ্তাহে শুরু হয়েছে দ্বিতীয় লটের শুটিং, যেখানে ১০ অক্টোবর পর্যন্ত আরও ১৮ পর্বের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। মোট ৫২ পর্বে শেষ হবে ‘ফিরে আসার গল্প’। প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নতুন পর্ব। প্রথম পর্বের বিপুল ভিউ ও দর্শকদের ইতিবাচক মন্তব্যে নতুন ধারাবাহিকটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।