বিচ্ছেদের খরচ জোগাতে বুয়ার কাজের পরামর্শ, স্বামীর বিরুদ্ধে সেলিনা জেটলির অভিযোগ

Pinky Saha Pinky Saha ১৪ অক্টোবর ২০২৬, ২:১৭ PM BST ৭০ বার পঠিত
বিচ্ছেদের খরচ জোগাতে বুয়ার কাজের পরামর্শ, স্বামীর বিরুদ্ধে সেলিনা জেটলির অভিযোগ

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির দাম্পত্যজীবনের টানাপোড়েন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অস্ট্রিয়ার ব্যবসায়ী স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ ও সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ের মধ্যে সামাজিক মাধ্যমে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স।

সেলিনার অভিযোগ, চার সন্তানের কথা বিবেচনা করে তিনি স্বামীর কাছে শান্তিপূর্ণভাবে বিচ্ছেদের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাতে সাড়া পাননি। বরং বিচ্ছেদের আইনি খরচ বহন করতে না পারলে পরিচারিকার কাজ করে অর্থ উপার্জনের পরামর্শ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন অভিনেত্রী। ১৫ বছরের দাম্পত্যজীবন এবং চার সন্তানকে ঘিরে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় নিজের হতাশার কথাও জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সেলিনা জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকীর উপহার পাওয়ার প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু উপহারের পরিবর্তে হাতে আসে বিচ্ছেদের নোটিশ। পরে প্রয়োজনীয় নথি, প্রয়াত মায়ের শাড়ি ও ব্যক্তিগত কষ্টের স্মৃতি নিয়ে মুম্বাইয়ে ফিরে আসেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।

সেলিনার ভাষ্য অনুযায়ী, মামলার প্রথম শুনানিতে বিচারক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। সেই সুযোগে সন্তানদের কথা ভেবে স্বামীকে শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার অনুরোধ করেন তিনি। এমনকি স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও মানসিক যন্ত্রণার অভিযোগ আদালতে না তোলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে দাবি করেছেন অভিনেত্রী।

এ ছাড়া নিজের বিয়ের আগের সম্পত্তির ওপর দাবি তোলা, সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখতে অস্ট্রিয়ায় থাকার শর্ত এবং সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও করেছেন সেলিনা। তাঁর দাবি, সন্তানদের তাঁর বিরুদ্ধে প্রভাবিত করা হচ্ছে এবং তাঁকে মানসিকভাবে অসুস্থ মা হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। পরিস্থিতির কারণে এক রাতে প্রতিবেশীদের সহায়তায় বাড়ি ছাড়তে হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। বলিউড অভিনেত্রী লারা দত্ত তাঁর পরিস্থিতির সাক্ষী ছিলেন বলেও দাবি করেছেন সেলিনা।

স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং সন্তানদের যৌথ অভিভাবকত্ব নিয়ে সেলিনা জেটলির আইনি লড়াই এখনও চলছে। তবে তাঁর করা এসব অভিযোগের বিষয়ে পিটার হাগের বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: