Photo Collected
প্রতিবেশী দেশ ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। গত জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় ওঠার পর দেশটির পণ্যবাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম কমেছে ৩৮ হাজার ৭৫৫ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫০ হাজার ৪০০ টাকা। এক ভরি স্বর্ণের হিসাবে দাম কমেছে প্রায় ৫৮ হাজার ৮০০ টাকা।
ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) গত ২৯ জানুয়ারি প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। গত শুক্রবার লেনদেন শেষে সেই দাম নেমে দাঁড়ায় ১ লাখ ৪২ হাজার ২৪ রুপিতে। অর্থাৎ রেকর্ড দরের তুলনায় স্বর্ণের দাম কমেছে ২১ দশমিক ৪৩ শতাংশ।
আন্তর্জাতিক বাজারেও একই সময়ে স্বর্ণের দামে দুর্বলতা দেখা গেছে। এক সপ্তাহে দাম প্রায় ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমেছে। রুপার দামেও একই সময়ে পতন দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির উদ্বেগের কারণে সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এতে স্বর্ণের মতো সম্পদের আকর্ষণ ও দামে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের পর কিছু বিনিয়োগকারী নগদ অর্থের জোগান নিশ্চিত করতে স্বর্ণ ও রুপা বিক্রি করেছেন।
অক্টোবর মাসেই ভারতের বাজারে স্বর্ণের দাম প্রায় ৪ দশমিক ৭ শতাংশ কমেছে। তবে সামনে দীপাবলি ও বিয়ের মৌসুম থাকায় দেশটিতে গয়নার চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষক পনমুদি আরের মতে, এমসিএক্সে প্রতি ১০ গ্রাম স্বর্ণের ১ লাখ ৪০ হাজার রুপির দাম একটি গুরুত্বপূর্ণ সমর্থনস্তর। এই স্তরের ওপরে দাম থাকলে বাজার ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। তবে স্বর্ণের দাম আবার বাড়বে কি না, তা এখনো নিশ্চিত নয়।