ছবি: সংগৃহীত
বিশ্বের কয়েকটি উন্নত অর্থনীতির দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের দৈনিক মাথাপিছু আয় বা ভোগব্যয় ভারতের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের তুলনায়ও বেশি। বিশ্বব্যাংকের ২০২৬ সালের ‘পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি প্ল্যাটফর্ম’-এর তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, ভারতে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের দৈনিক মাথাপিছু আয় বা ভোগব্যয়ের সীমা প্রায় ৩ মার্কিন ডলার। বিপরীতে, যুক্তরাষ্ট্রে এই পরিমাণ ২৫ ডলার, কানাডায় ৩১ ডলার এবং জার্মানি ও অস্ট্রেলিয়ায় ২৮ ডলার।
আয়ের ব্যবধান আরও স্পষ্ট হয় দেশগুলোর সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের হিসাব তুলনা করলে। ভারতে এই শ্রেণির মানুষের দৈনিক মাথাপিছু আয় বা ভোগব্যয়ের সীমা প্রায় ১০ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে তা ১৭৩ ডলার, কানাডা ও অস্ট্রেলিয়ায় ১২৯ ডলার এবং জার্মানিতে ১২৮ ডলার।
ভারতের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশটিতে মাসে ৮০ হাজার রুপি আয় করা ব্যক্তিরা শীর্ষ ১০ শতাংশের মধ্যে পড়েন। ফলে ভারতের উচ্চ আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার মানও কয়েকটি উন্নত অর্থনীতির দেশের নিম্ন আয়ের মানুষের তুলনায় পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, এই তথ্য শুধু ধনী-দরিদ্রের ব্যবধান নয়, বরং ভারতের অর্থনীতির বিভিন্ন স্তরে আয় ও ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতার দিকেও ইঙ্গিত করে। তাঁদের মতে, কেবল আয়বৈষম্য কমানোর উদ্যোগ যথেষ্ট নয়; দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সব শ্রেণির মানুষের আয় ও উৎপাদনশীলতা বাড়ানো জরুরি।
এ জন্য নতুন ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করা, করব্যবস্থাকে আরও পূর্বানুমানযোগ্য করা এবং অপ্রয়োজনীয় নিয়মকানুন কমানোর মতো কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অর্থনীতির বিস্তৃত অংশে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা গেলে সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা মিলতে পারে।