লুলার পুনর্নির্বাচনে বিশ্বজুড়ে অভিনন্দন, ভোটের সময় বাড়ানো নিয়ে ট্রাম্প জুনিয়রের প্রশ্ন

Pinky Saha Pinky Saha ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ AM BST ৮ বার পঠিত
লুলার পুনর্নির্বাচনে বিশ্বজুড়ে অভিনন্দন, ভোটের সময় বাড়ানো নিয়ে ট্রাম্প জুনিয়রের প্রশ্ন

Photo Collected

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনর্নির্বাচনে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, মেক্সিকো, কিউবা, চিলি, বলিভিয়া ও পানামাসহ বিভিন্ন দেশের নেতারা লুলাকে অভিনন্দন জানিয়েছেন। একই সময়ে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত রানঅফ নির্বাচনে ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুলা। তবে নির্বাচনের ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন বলসোনারো এবং নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্তিয়ানো জানিন ভোটগ্রহণের সময় বাড়ানোর অনুমতি দেন। দুই প্রার্থীই অতিরিক্ত সময় চেয়েছিলেন।

লুলার বিজয়ের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁকে অভিনন্দন জানান। তিনি বলেন, গণতন্ত্র দীর্ঘজীবী হোক এবং ব্রাজিলের জনগণ জয়ী হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও লুলাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর ভাষ্য, লুলার নেতৃত্বে কানাডা ও ব্রাজিলের সম্পর্ক এগিয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা বাড়ানো, পরিবেশ সুরক্ষা এবং জনগণের সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ট্রাম্প জুনিয়র ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর দাবি, ব্রাজিলে কোনো রক্ষণশীল সরকারের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হলে যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যেত। লুলার জয়ের ক্ষেত্রে সংবাদমাধ্যম নীরব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স লুলার ‘অসাধারণ পুনর্নির্বাচনি জয়কে’ অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, লুলা শ্রমিক ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন এবং আগামী চার বছরও সেই অবস্থান অব্যাহত রাখবেন।

কংগ্রেসম্যান রো খান্নাও লুলাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, বিশ্বজুড়ে মানুষ চরমপন্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং ব্রাজিলে লুলার জয় সেই লড়াইয়েরই অংশ। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনের ফল মেনে নেওয়া এবং দেশটির নির্বাচনকে দুর্বল করার চেষ্টা না করার আহ্বান জানান।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি লুলার বিজয়কে জনগণের ঐক্যের ফল হিসেবে উল্লেখ করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর থেকেও লুলার বিজয়ে অভিনন্দন জানানো হয়েছে। বিবৃতিতে গণতন্ত্র রক্ষা, পরিবেশ সুরক্ষা, শ্রমিকের অধিকার শক্তিশালী করা এবং কর্মজীবী পরিবারের উপযোগী অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকারের কথা বলা হয়েছে।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল লুলার জয়কে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এই বিজয় শান্তি, সার্বভৌমত্ব ও সামাজিক ন্যায়বিচারের পথে ব্রাজিলের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ব্রাজিল কিউবার সহযোগিতা পাবে বলেও জানান তিনি।

চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত জানান, তিনি লুলাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। অর্থনৈতিক সংহতি বাড়ানো এবং আঞ্চলিক সংঘবদ্ধ অপরাধ দমনে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বলেন, বলিভিয়া ও ব্রাজিয়া প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশ। অভিন্ন ইতিহাস ও চ্যালেঞ্জের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং জনগণের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করার প্রত্যয় জানান তিনি।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোও ব্রাজিলের জনগণকে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য এবং লুলাকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। দুই দেশের স্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: