Photo Collected
বিহারে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দর্শকসারি থেকে আসা এক মন্তব্যের জবাব দিতে গিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ‘মোদি কোথাও যাবেন না’—এক শ্রোতার এমন মন্তব্যের পর উত্তেজিত হয়ে খাড়গে মঞ্চ থেকে বলেন, ‘মোদির বাপও যাবে।’ তাঁর এই মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন খাড়গে। বক্তব্যের মাঝেই দর্শকসারি থেকে এক ব্যক্তি নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করেন। ওই মন্তব্যের পর ক্ষুব্ধ হয়ে খাড়গে তাৎক্ষণিকভাবে জবাব দেন এবং এমন বক্তব্য করেন।
তবে খাড়গের উত্তেজিত হওয়ার পেছনে শুধু ওই শ্রোতার মন্তব্যই কারণ ছিল না। ভোটার তালিকা সংশোধনের জন্য চলমান স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলে সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করছিলেন তিনি। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে কারচুপি হলে এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজন হলে তাদের জেলে পাঠানো হবে।
এদিকে খাড়গের বক্তব্যের পর ওই শ্রোতা নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দাবি, কথাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, দেশে ব্যাপক গণজাগরণ না হলে নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরানো কঠিন।
অন্যদিকে, খাড়গের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দলটির নেতারা এটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে লক্ষ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন। খাড়গের বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
ভারতের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ ও বিতর্কিত মন্তব্য নিয়ে প্রায়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দেখা যায়। খাড়গের সর্বশেষ মন্তব্যও সেই ধারাবাহিকতায় নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।