Photo Collected
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের ভাষ্য অনুযায়ী, অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের পাঁচটি সুড়ঙ্গ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সৌদি আরব ও ইয়েমেনে হুথিদের অবকাঠামোয় হামলার পর সম্ভাব্য হুমকির উৎস নিষ্ক্রিয় করতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।
জোটের বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের একটি ক্ষেপণাস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে। পাশাপাশি হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যে সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ইয়েমেনের সম্মুখসারিতে হুথিদের প্রতিরক্ষাব্যবস্থা, সদস্যদের সমাবেশস্থল এবং সামরিক সরঞ্জামও অভিযানের লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে অভিযানে হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জোটের দাবি অনুযায়ী, হুথিদের সামরিক সক্ষমতা ও সরবরাহব্যবস্থায় চাপ সৃষ্টি করাই এ অভিযানের প্রধান উদ্দেশ্য।