Photo Collected
হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ (ইআর)-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, উন্নত প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ফাতাহ-২ ইআরে উন্নত নেভিগেশন প্রযুক্তি ও অত্যাধুনিক অ্যাভিওনিকস যুক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির বিশেষ গতিপথ অনুসরণ এবং কৌশলগতভাবে দিক পরিবর্তনের সক্ষমতা রয়েছে বলেও দাবি করা হয়েছে। এসব বৈশিষ্ট্যের কারণে এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে জানিয়েছে সেনাবাহিনী।
পাকিস্তানের দাবি, ফাতাহ-২ ইআরের বর্ধিত পাল্লা দেশটির দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ও সামরিক কার্যপরিসর আরও বাড়াবে। পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সফল পরীক্ষার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুনিরসহ দেশটির তিন বাহিনীর প্রধানরা।
এর আগে গত সপ্তাহে পাকিস্তান ফাতাহ-৪ স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা চালায়। এছাড়া গত মে মাসেও ফাতাহ-৪-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল দেশটি। ধারাবাহিক এসব পরীক্ষার মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সামরিক প্রযুক্তির উন্নয়ন আবারও আলোচনায় এসেছে।