ছবি: সংগৃহীত
সৌদি আরবে নিজেদের নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাপান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের যেসব এলাকায় নিরাপত্তাঝুঁকি বেড়েছে, সেসব স্থানে ‘অপরিহার্য নয়’ এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জারি করা হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে।
এদিকে ইয়েমেন সীমান্তের কাছাকাছি কয়েকটি এলাকায় সতর্কতার মাত্রা ৩-এ বহাল রয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণকারীদের সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করা এবং সেগুলোর আশপাশে যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলেছে। সতর্কবার্তায় ৫ অক্টোবর থেকে হুথি হামলার ঘটনা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে চলমান সংঘাতের কারণে সৌদি আরবে ভবিষ্যতে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে যেসব জাপানি নাগরিক সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন, তাঁদের ভ্রমণ স্থগিত করার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাপানের এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তাঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।