ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার কৌশল পরিবর্তন করছে ইরান। দেশটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমানোর মার্কিন প্রচেষ্টা বাধাগ্রস্ত করাই তেহরানের এই কৌশলের অন্যতম লক্ষ্য।
নতুন কৌশলের অংশ হিসেবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ছোট নৌকায় অস্ত্রবিহীন ‘স্পটার’ ব্যবহার করে সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করছে বলে জানিয়েছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা। একই সঙ্গে হরমুজ প্রণালির বাইরেও জাহাজে হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন ইরানি কর্মকর্তারা।
বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ বাড়ছে। হামলার আশঙ্কা, উচ্চ বিমা ব্যয় এবং নিরাপত্তাঝুঁকির কারণে স্বাভাবিক নৌচলাচল ফিরিয়ে আনার প্রচেষ্টাও জটিল হয়ে উঠেছে।
এদিকে ইরানের বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ জোরদার ও নিষেধাজ্ঞা বাড়িয়ে তেহরানের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। সংঘাতের অবসানে সমঝোতার চেষ্টা চললেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত রয়েছে। নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম ও ইরান যুদ্ধ রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।