সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুমকি হুথিদের

Pinky Saha Pinky Saha ১৫ অক্টোবর ২০২৬, ১:৩১ PM BST ২৯ বার পঠিত
সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুমকি হুথিদের

সংগৃহীত ছবি

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (১৪ অক্টোবর) দেওয়া এক সতর্কবার্তায় গোষ্ঠীটি জানায়, সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার জবাব হিসেবেই এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা।

এর আগে মঙ্গলবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত সূত্রগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, হামলার পর স্থাপনাটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের ঘটনা ছিল সীমিত পরিসরের।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, হামলার পরও সৌদি আরামকোর কার্যক্রম স্বাভাবিক ছিল এবং কর্মীরা বাড়ি থেকে কাজ করছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি কোম্পানিটি।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই দিন সৌদি রাজধানীতে কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এর আগে সম্ভাব্য আকাশপথের হুমকি নিয়ে সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে শব্দগুলোর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হুথিদের দাবি, তারা ধাহরানে সৌদি আরামকোর স্থাপনা, রিয়াদের বিমানবন্দর এবং রাজধানীতে আরামকোর একটি তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌপরিবহন কোম্পানি, বেসামরিক নাগরিক ও কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর এবং তেল স্থাপনা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সৌদি আরবগামী বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করেছে বিভিন্ন বিমান সংস্থা। তবে হুথিদের নতুন হুঁশিয়ারির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: