মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ বললেন জয়া আহসান, একসঙ্গে কাজের ইচ্ছা

Pinky Saha Pinky Saha ১৫ অক্টোবর ২০২৬, ১:৪৭ PM BST ৫৭ বার পঠিত
মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ বললেন জয়া আহসান, একসঙ্গে কাজের ইচ্ছা

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও নিয়মিত কাজ করছেন তারা। তবে দুই গুণী শিল্পীকে একসঙ্গে পর্দায় খুব বেশি দেখা যায়নি। এবার মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করে তাঁর সঙ্গে আবারও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন জয়া আহসান।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ বলে অভিহিত করেন জয়া। অভিনেতার অভিনয়প্রতিভায় মুগ্ধ এই অভিনেত্রী বলেন, মোশাররফ করিমের সঙ্গে তাঁর সরাসরি অভিনয়ের সুযোগ খুব কম হয়েছে। তাই ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করতে চান তিনি।

জয়া আহসান বলেন, পরিচালকরা যেন তাঁর কথাগুলো শোনেন এবং মোশাররফ করিমের সঙ্গে তাঁকে নিয়ে কাজ করেন। দুজনের একসঙ্গে কাজ করার ইচ্ছা থাকলেও এখন পর্যন্ত তা খুব একটা বাস্তবায়িত হয়নি বলেও জানান তিনি।

মোশাররফ করিমকে নিজের ভীষণ পছন্দের অভিনেতা উল্লেখ করে জয়া আরও বলেন, তাঁরা একসঙ্গে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন। সেই নাটকের দৃশ্য এখনো অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াতে দেখেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘ঈদের ডায়েরি’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও জয়া আহসান। নাটকটি পরিচালনা করেন ইশতিয়াক আহমেদ রুমেল। প্রচারের পর নাটকটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। এখনো ইউটিউবে নাটকটি দেখা যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকেরা দুই অভিনয়শিল্পীর কাজের প্রশংসা করেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: