Photo Collected
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। অল্প সময়ের ক্যারিয়ারেই অভিনয় দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে অনেকেই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে তুলনা করেন। কেউ কেউ মনে করেন, শোবিজে মেহজাবীনের উত্থানের মতোই তটিনীও ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন। তবে এই তুলনাকে কীভাবে দেখেন তটিনী?
সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। তটিনী জানান, তাঁকে প্রায়ই মেহজাবীনের সঙ্গে তুলনা করে প্রশ্ন করা হয়। তবে বিষয়টি তিনি নেতিবাচকভাবে নেন না; বরং একজন গুণী অভিনয়শিল্পীর সঙ্গে তুলনা হওয়াকে নিজের জন্য আনন্দের ও অনুপ্রেরণার বিষয় হিসেবে দেখেন।
তটিনীর ভাষ্য, কেউ কারও জায়গায় যেতে পারে না। তাই নিজেকে অন্য কোনো শিল্পীর সঙ্গে তুলনা করা বা তাঁর জায়গায় নিজেকে ভাবাও ঠিক নয়। মেহজাবীনকে একজন বড় ও গুণী শিল্পী হিসেবে উল্লেখ করে তটিনী বলেন, তাঁর সঙ্গে তুলনা হওয়াটাও নিজের জন্য বড় পাওয়া।
মেহজাবীনের ক্যারিয়ার থেকে শেখার কথাও বলেন তটিনী। তাঁর মতে, নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য মেহজাবীন একটি উদাহরণ। ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, পরিশ্রম ও দীর্ঘদিনের অভিজ্ঞতা—সবকিছু থেকেই নতুনদের শেখার আছে বলে মনে করেন তিনি।
অভিনয়ে আসার শুরুর দিকের একটি অভিজ্ঞতাও তুলে ধরেন তটিনী। তিনি জানান, তখন অনেকেই তাঁকে বলেছিলেন, যদি কারও মতো হতে চান, তাহলে মেহজাবীনকে অনুসরণ করতে। শুধু ক্যারিয়ার নয়, মানুষ হিসেবে মেহজাবীনের আচরণ ও ব্যক্তিত্ব থেকেও শেখার পরামর্শ পেয়েছিলেন তিনি।
তটিনীর মতে, শিল্পীদের জন্য সিনিয়রদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া গুরুত্বপূর্ণ। তবে সেই অনুপ্রেরণা নিজের স্বতন্ত্র পরিচয় তৈরির পথেই কাজে লাগানো উচিত। মেহজাবীনের সঙ্গে তুলনাকে তাই নিজের জন্য চাপ নয়, বরং আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবেই দেখছেন তিনি।
বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ নিয়ে আলোচনায় রয়েছেন তটিনী। নাটকটিতে তাঁকে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে আসা এক তরুণীর চরিত্রে দেখা যাচ্ছে।