Photo Collected
পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তাঁর পোস্টে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়ে সমালোচকদের উদ্দেশে দিয়েছেন কড়া বার্তা।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।
ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ এই কথার মাধ্যমে ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।
তবে পোস্টটির মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বানও জানিয়েছেন কেয়া পায়েল। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’
মন্তব্যের শেষাংশে তিনি আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’
ওমরাহ পালনের অনুভূতি ভাগ করে নেওয়ার পাশাপাশি কেয়া পায়েলের এই বার্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।