ছবি: সংগৃহীত
ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিমি জানান, বিয়ে নিয়ে পরিবার থেকে কখনো কোনো ধরনের চাপ পাননি তিনি। তার মা-বাবা সবসময় বিয়ের বিষয়ে তাকে স্বাধীনতা দিয়েছেন। হিমির ভাষায়, বিয়ে ভাগ্যের বিষয় এবং কার ভাগ্যে কী লেখা আছে, তা আগে থেকে জানা সম্ভব নয়।
নিজেকে ভাগ্যবান উল্লেখ করে অভিনেত্রী বলেন, পরিবার থেকে বিয়ে নিয়ে তাকে কখনো চাপ দেওয়া হয় না। ফলে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিজের মতো করেই নিতে পারছেন তিনি।
এদিকে দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে ফেরার বিষয়েও কথা বলেছেন হিমি। ‘প্রথম প্রেমের গল্প’ দর্শকদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করে নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির নতুন পর্ব প্রকাশিত হচ্ছে।
এর আগে ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকেই বেশি মনোযোগী ছিলেন হিমি। নতুন ধারাবাহিকে তার প্রত্যাবর্তন তাই দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।