ছবি: সংগৃহীত
জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনার ২৫ বছর পূর্ণ হয়েছে ১৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে ইফফাত আরেফীন তন্বীর রচনায় এবং চয়নিকা চৌধুরীর গল্প ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘বিষণ্ণ মেঘ’। গতকাল দুপুর ১২টায় লেজারভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হয়।
নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান, ডলি জহুর, মিলি বাসার ও ফারনাজ মেহেরিনসহ অনেকে। আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। চিত্রগ্রহণে ছিলেন সুমন হোসেন এবং এডিট ও কালারে রাশেদ রাব্বি। নাটকের গান গেয়েছেন সোমনূর মনির কোনাল ও রেজোয়ান শেখ।
প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নাটকটি বেশ সাড়া ফেলেছে। মাত্র ১৪ ঘণ্টায় ইউটিউবে ‘বিষণ্ণ মেঘ’ ১০ লাখ ভিউ অতিক্রম করেছে।
দর্শকদের ভালোবাসায় উচ্ছ্বসিত চয়নিকা চৌধুরী বলেন, ‘এই গল্পটাকে এত ভালোবাসার জন্য, এত ভালো ভালো মতামত দেওয়ার জন্য আমাদের দর্শককে অজস্র ধন্যবাদ।’