৭৫ দিন পেরিয়ে ‘আজও অর্ধাঙ্গিণী’, এবার ওটিটিতে জয়া আহসান

Pinky Saha Pinky Saha ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ PM BST ৫৮ বার পঠিত
৭৫ দিন পেরিয়ে ‘আজও অর্ধাঙ্গিণী’, এবার ওটিটিতে জয়া আহসান

ছবি: সংগৃহীত

কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিণী’ সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ৭৫ দিন পূর্ণ করেছে। গত ১০ জুলাই মুক্তির পর দর্শকের আগ্রহ ধরে রেখে টানা ৭৫ দিন সিনেমাটি প্রদর্শিত হয়েছে। এ উপলক্ষে পশ্চিমবঙ্গের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেছে এবং এটিকে ‘ব্লকবাস্টার হিট’ হিসেবে উল্লেখ করেছে।

নির্মাতা কৌশিক গাঙ্গুলীও বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে সেই পোস্টার শেয়ার করেন। পোস্টের নিচে অনেক দর্শক সিনেমাটির প্রশংসা করেছেন। দর্শকদের পাশাপাশি মুক্তির পর থেকেই বিভিন্ন গণমাধ্যম ও সমালোচকের কাছ থেকেও সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে।

‘আজও অর্ধাঙ্গিণী’ ২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’ সিনেমার সিক্যুয়েল। আগের সিনেমার ধারাবাহিকতায় নতুন পর্বেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য।

সিনেমাটিতে মেঘনা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। নতুন কিস্তিতে সময়ের সঙ্গে মেঘনার জীবনে আসা পরিবর্তন এবং পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। চরিত্রটি নিয়ে এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছিলেন, সময়ের সঙ্গে মেঘনা পরিবারের একটি অংশ হয়ে উঠেছে, সন্তান বড় হয়েছে এবং তাঁর জীবনে নতুন কিছু মানুষও এসেছে। তবে সংসারে নতুন করে নানা টানাপোড়েন ও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

সিনেমাটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেছেন, ভালো গল্প ও ভালো কনটেন্ট থাকলে দর্শক প্রেক্ষাগৃহে আসেন। ‘আজও অর্ধাঙ্গিণী’র দর্শক প্রতিক্রিয়াকে তিনি এর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। সিনেমার বিভিন্ন সংলাপ ও দৃশ্যে দর্শকের প্রতিক্রিয়া এবং নিজেদের জীবনের সঙ্গে গল্পের মিল খুঁজে পাওয়ার বিষয়টিও তাঁকে আনন্দ দিয়েছে বলে জানান অভিনেত্রী।

সিনেমাটির প্রভাব নিয়েও কথা বলেছেন জয়া। তাঁর মতে, মানুষের দৈনন্দিন সম্পর্কের সঙ্গে যুক্ত একটি গল্প দর্শকের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে এবং মুক্তির পরও মানুষ সিনেমাটি দেখছেন ও এটি নিয়ে কথা বলছেন—এটিই তাঁর কাছে বড় পাওয়া।

‘আজও অর্ধাঙ্গিণী’র প্রশংসা এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমের সমালোচনাতেও। বিশেষ করে মেঘনা চরিত্রে জয়া আহসানের অভিনয় নিয়ে প্রশংসা করেছেন একাধিক সমালোচক। ‘সংবাদ প্রতিদিন’-এর একটি পর্যালোচনায় জয়ার অভিনয়ের আবেগ ও উপস্থিতির প্রশংসা করা হয়েছে।

অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর পর্যালোচনায়ও মেঘনা চরিত্রে জয়ার সংযত অভিনয়ের বিষয়টি উঠে এসেছে। সেখানে তাঁর সংলাপের তুলনায় পর্দায় উপস্থিতির প্রভাব, অপরাধবোধ, দ্বিধা, ভালোবাসা ও অনিশ্চয়তার মতো অনুভূতিগুলো ফুটিয়ে তোলার প্রশংসা করা হয়েছে। চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জয়ার দৃশ্যগুলোকেও সিনেমার আবেগঘন অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‘দ্য টেলিগ্রাফ’-এর পর্যালোচনাতেও মেঘনা চরিত্রে জয়া আহসানের অভিনয়ের প্রশংসা করা হয়। সেখানে বলা হয়েছে, প্রথম সিনেমার তুলনায় দ্বিতীয় পর্বে চরিত্রটির আবেগ প্রকাশের সুযোগ তুলনামূলক কম থাকলেও অপরাধবোধ, ভালোবাসা ও অনিশ্চয়তার টানাপোড়েনে থাকা এক নারীর মানসিক অবস্থাকে জয়া সংযত অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন।

প্রেক্ষাগৃহে ৭৫ দিনের প্রদর্শনী শেষে এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিণী’। শুক্রবার থেকে ঘরে বসে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। বাংলাদেশের দর্শকেরাও জয়া আহসান অভিনীত সিনেমাটি ওটিটিতে দেখতে পারবেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: