collected
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে ওয়ার্ডে নেওয়া হয় বলে জানিয়েছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সজীব তানভীর।
তিনি জানান, বর্তমানে মেঘমল্লার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। তাকে চাপমুক্ত রাখতে চিকিৎসকেরা পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
সজীব তানভীর আরও জানান, ওয়ার্ড থেকে দ্রুত মেঘমল্লারকে কেবিনে নেওয়ার প্রক্রিয়া চলছে। তার চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোতে হাসপাতালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বেও রয়েছেন তিনি।
এর আগে গত মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে মেঘমল্লারকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরদিন বুধবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না।