Photo Collected
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তাঁর বাবা-মায়ের ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতার নারীর নাম সীমা ঘাটে (৪০)। তিনি পালঘরের বাসিন্দা।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড় বছর ধরে আমিশার মা আশা প্যাটেলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সীমা। চুরির অভিযোগ পাওয়ার পর মেরিন ড্রাইভ থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে বিরার এলাকা থেকে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ওই বাড়ি থেকে একটি চুড়ি চুরি হওয়ার অভিযোগ ওঠে। আশা প্যাটেলের সন্দেহ ছিল, এ ঘটনার সঙ্গে সীমা জড়িত। এরপর প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে সীমাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দিতে বলা হলেও তিনি তা ফেরত দেননি বলে অভিযোগ। পরে আশা প্যাটেল মেরিন ড্রাইভ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
প্রাথমিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে বিরার থেকে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
পুলিশ সীমাকে আদালতে হাজির করলে আদালত তাঁকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। চুরির অভিযোগের তদন্ত এখনও চলছে। খোয়া যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তবে অভিযোগে উল্লেখ করা চুড়িটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
তদন্তের অংশ হিসেবে সীমার বিরুদ্ধে আগে কোনো অপরাধের মামলা বা অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
আমিশার ক্যারিয়ার
২০০০ সালে ‘কহো না... পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশা প্যাটেলের। প্রথম সিনেমাতেই ব্যাপক সাফল্য পান তিনি। এরপর ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘রেস ২’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি আরও বাড়ান।
২০২৩ সালে ‘গদর ২’ সিনেমায় তাঁর জনপ্রিয় চরিত্রে ফিরে এসে নতুন করে আলোচনায় আসেন আমিশা। সিনেমাটি তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া আকাশাদিত্য লামা পরিচালিত ‘তওবা তেরা জালওয়া’ সিনেমায় দেখা গেছে তাঁকে।