সংগৃহীত ছবি
মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির পর সিনেমাটি প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করেছে। এই আয়ের ফলে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি। এর ওপরে রয়েছে ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
সিনেমাটির নতুন সংস্করণ আবারও প্রেক্ষাগৃহে আনার পেছনে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশেষ প্রদর্শনীর সাফল্যও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। ডিজনির সিনেমাটি বিশেষ এনকোর প্রদর্শনীর মাধ্যমে বিশ্বজুড়ে মাত্র এক সপ্তাহান্তে ৮ কোটি ৬০ লাখ ডলার আয় করেছিল। এরপর বাড়তি ফুটেজ যুক্ত করে ‘স্পাইডার ম্যান’-কে পুনরায় প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা সামনে আসে।
সনি ও মার্ভেলের লক্ষ্য, নতুন প্রদর্শনীর মাধ্যমে উত্তর আমেরিকার বক্স অফিসে সিনেমাটির আয় আরও বাড়ানো। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, উত্তর আমেরিকার বাজারে এককভাবে ১ বিলিয়ন ডলার আয় করা প্রথম সিনেমা হওয়ার মাইলফলক ছোঁয়ার লক্ষ্য রয়েছে।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটির নতুন সংস্করণে দর্শকদের জন্য থাকছে অতিরিক্ত কিছু দৃশ্য। এর মধ্যে মার্ভেল টেলিভিশন সিরিজের পরিচিত চরিত্র নার্স ক্লেয়ার টেম্পলের উপস্থিতি অন্যতম। চরিত্রটিতে অভিনয় করেছেন রোজারিও ডসন।
এর আগে এক সাক্ষাৎকারে ডসন জানিয়েছিলেন, সিনেমাটির জন্য তিনি দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁর অভিনীত অংশ মূল সংস্করণে রাখা হয়নি। নতুন সংস্করণে সেই দৃশ্য যুক্ত হওয়ার পাশাপাশি আরও কিছু চমক থাকতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তবে বাড়তি ফুটেজসহ ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ঠিক কবে আবার প্রেক্ষাগৃহে ফিরবে, সে বিষয়ে এখনো সনি বা মার্ভেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, তুলনামূলক কম ব্যস্ত বক্স অফিস মৌসুমকে কেন্দ্র করে নতুন সংস্করণটি মুক্তি দেওয়া হতে পারে।