ছবি: সংগৃহীত
ঢালিউডের ‘প্রিয়দর্শিনীখ্যাত’ অভিনেত্রী মৌসুমী বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পারিবারিক কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকলেও বিভিন্ন সময় কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় এই অভিনেত্রী। বিশেষ করে অভিনেতা ওমর সানীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে মাঝেমধ্যে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
কখনো তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে, আবার কখনো বিচ্ছেদ হয়ে গেছে—এমন খবরও আলোচনায় এসেছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের বিভিন্ন কথাবার্তা ও কার্যক্রমে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে একটি ভিডিওবার্তায় হাজির হয়েছেন মৌসুমী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৌসুমীর সেই ভিডিওবার্তা প্রকাশ করেন তার স্বামী অভিনেতা ওমর সানী। ভিডিওর শুরুতে সিনেমাপ্রেমী দর্শক ও ভক্তদের শুভেচ্ছা জানান মৌসুমী।
ভিডিওবার্তায় মৌসুমী বলেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা।’ এরপর তাদের দীর্ঘদিনের রেস্টুরেন্ট ব্যবসার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
মৌসুমী জানান, তারা দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যবসার সঙ্গে বিশেষভাবে যুক্ত রয়েছেন ওমর সানী। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার স্বামী দীর্ঘদিন ধরে বেশ উৎসাহের সঙ্গে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করে আসছেন।
ভিডিওবার্তায় নিজেদের রেস্টুরেন্টের নতুন শাখা চালুর খবরও জানান মৌসুমী। তিনি বলেন, তাদের ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এবার সাভারের হেমায়েতপুরে চালু করা হচ্ছে নতুন একটি শাখা।
মৌসুমী জানান, আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হেমায়েতপুরের নতুন শাখাটি উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ভক্ত-অনুরাগী ও নিয়মিত গ্রাহকদের সেখানে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
নতুন শাখা নিয়ে অভিনেত্রী বলেন, এটি হঠাৎ করেই চালু করা হচ্ছে। তবে তিনি আশা করছেন, বরাবরের মতো এবারও ভক্ত-অনুরাগীরা তাদের পাশে থাকবেন। যারা তাদের রেস্টুরেন্টের নিয়মিত গ্রাহক এবং দীর্ঘদিন ধরে তাদের সমর্থন করে আসছেন, তাদের সবাইকে নতুন শাখায় আমন্ত্রণ জানান মৌসুমী।
খাবারের আয়োজন সম্পর্কেও ভিডিওবার্তায় জানান তিনি। মৌসুমী বলেন, নতুন শাখাতেও চাপের পাশাপাশি বিভিন্ন ধরনের বাঙালি খাবার থাকবে। ফলে সেখানে গেলে গ্রাহকরা খাবারের বৈচিত্র্য উপভোগ করতে পারবেন বলে আশা করছেন তিনি।
এদিকে মৌসুমী ও ওমর সানীর সম্পর্ক নিয়ে নানা সময়ে যে গুঞ্জন ছড়িয়েছে, নতুন এই ভিডিওবার্তাকে ঘিরেও সেটি আলোচনায় এসেছে। তবে ভিডিওবার্তায় মৌসুমী সরাসরি তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি মূলত তাদের রেস্টুরেন্ট ব্যবসা, নতুন শাখা এবং ভক্তদের আমন্ত্রণ জানানোর বিষয়েই কথা বলেছেন।
এর আগে কয়েক দিন আগেও একটি ভিডিওবার্তায় মৌসুমী ও ওমর সানীকে কথা বলতে দেখা যায়। এবারও স্বামীর ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে মৌসুমীর বক্তব্য এবং নতুন রেস্টুরেন্ট শাখার উদ্বোধনে ভক্তদের আমন্ত্রণ জানানোয় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
দীর্ঘদিনের চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমী ঢালিউডের অন্যতম পরিচিত মুখ। অন্যদিকে ওমর সানীও চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। অভিনয়ের পাশাপাশি তাদের রেস্টুরেন্ট ব্যবসাও বেশ কিছুদিন ধরে পরিচালিত হচ্ছে। নতুন শাখা চালুর মাধ্যমে সেই ব্যবসার পরিধি আরও বাড়ছে।