ছবি: সংগৃহীত
বিয়ের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি কিংবা ভিডিও প্রকাশ্যে আনেননি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ডেনমার্কের সাবেক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত পরিসরে। ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে এলেও অনুষ্ঠান নিয়ে বিস্তারিত কোনো তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা দেননি দুজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে বিয়ের আভাস মিললেও তাপসী নিজে কখনো সেই মুহূর্তগুলোর পূর্ণাঙ্গ ছবি বা ভিডিও প্রকাশ করেননি। সম্প্রতি এত দিন পর বিয়ের বিষয়টি ব্যক্তিগত রাখার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী। তাপসীর ভাষ্য, বিয়ে তাঁর কাছে একান্তই ব্যক্তিগত একটি বিষয়। তাই সেটি নিয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়া কিংবা সাজানো ছবি-ভিডিও সামনে আনার প্রয়োজন তিনি অনুভব করেননি। বরাবরই ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।
তাপসীর এই সিদ্ধান্তের পেছনে নিজের ব্যক্তিগত পছন্দের পাশাপাশি স্বামী ম্যাথিয়াস ও তাঁর পরিবারের গোপনীয়তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ম্যাথিয়াস বিনোদনজগতের মানুষ নন; সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তাঁর নিজস্ব পরিচয় রয়েছে। তাই নিজের তারকা পরিচয়ের কারণে স্বামী কিংবা তাঁর পরিবারের সদস্যদের অযাচিত জনসাধারণের নজরদারির মধ্যে ফেলতে চান না তাপসী। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালে উদয়পুরে ঘনিষ্ঠজন ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। তারকাসুলভ বড় আয়োজনের বদলে ব্যক্তিগত পরিসরেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন এই দম্পতি। বিয়ের পরও ব্যক্তিগত জীবনকে সামনে না এনে অভিনয় ও পেশাগত কাজকেই গুরুত্ব দিয়ে চলেছেন তাপসী। তাঁর মতে, একজন তারকার কাজ ও পেশাজীবন নিয়ে দর্শকের আগ্রহ থাকতেই পারে, তবে ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নেওয়া কোনো বাধ্যবাধকতা নয়।