বিয়ের পর প্রথমবার পর্দায় রাশমিকা-বিজয়, মিষ্টি খুনসুটিতে মুগ্ধ ভক্তরা

Pinky Saha Pinky Saha ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:০৯ PM BST ৪৭ বার পঠিত
বিয়ের পর প্রথমবার পর্দায় রাশমিকা-বিজয়, মিষ্টি খুনসুটিতে মুগ্ধ ভক্তরা

Photo Collected

বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বাস্তব জীবনের এই জুটির আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে তাদের মিষ্টি রসায়ন ও খুনসুটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাশমিকা। সেখানে বিজয়কে নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’

রাশমিকার সেই পোস্টের জবাবও দিয়েছেন বিজয়। তিনি লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।’

সিনেমাটিতে বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যাবে নাম-ভূমিকায় ‘রানাবালি’ চরিত্রে। অন্যদিকে রাশমিকা অভিনয় করেছেন তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার চরিত্রে। বাস্তব জীবনের এই জুটির পর্দার রসায়ন নিয়েও তাই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

‘রানাবালি’ সিনেমার গল্পের পটভূমিতে রয়েছে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। আইএমডিবির তথ্য অনুযায়ী, ১৮৭০-এর দশকে দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন। নিজের অঞ্চল ও সেখানকার মানুষের সুরক্ষায় তিনি প্রতিরোধ গড়ে তোলেন।

সিনেমাটিতে ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। চরিত্রটি রানাবালির অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। ‘রানাবালি’ আগামী ১৬ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: