‘আশিকি’ সিনেমায় রাহুল রায়।
নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা রাহুল রায় আবারও নতুন করে জীবন গড়ার লড়াইয়ে নেমেছেন। ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশিকি’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠা এই অভিনেতার জীবনে ২০২০ সালের ব্রেন স্ট্রোক বড় পরিবর্তন নিয়ে আসে। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরলেও নিয়মিত কাজের সুযোগ এবং আর্থিক স্থিতিশীলতা ফিরে পেতে তাঁকে কঠিন সময় পার করতে হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল রায়ের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে তাঁকে বিয়ের অনুষ্ঠানে নাচতে এবং নিজের পুরোনো গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। ভিডিওগুলো নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ট্রল করলেও রাহুল জানিয়েছেন, জীবিকা নির্বাহের জন্য তাঁরও অর্থের প্রয়োজন রয়েছে। তাই যে কাজ থেকে আয় করার সুযোগ পান, সেটিই তিনি করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কখনো কখনো বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করে তিনি দুই লাখ থেকে চার লাখ রুপি পর্যন্ত আয় করেন।
২০২০ সালের নভেম্বর মাসে ‘এলএসি—লাইভ দ্য ব্যাটল’ সিনেমার শুটিংয়ের জন্য কার্গিলে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাহুল। পরে তাঁর ব্রেন স্ট্রোকের বিষয়টি জানা যায়। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে মুম্বাইয়ে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অবস্থার কারণে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রেও থাকতে হয়েছিল।
রাহুল জানিয়েছেন, স্ট্রোকের পর তিনি আবার স্বাভাবিকভাবে হাঁটতে বা ঠিকমতো কথা বলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠেন তিনি। তাঁর ভাষায়, স্ট্রোকের পর প্রায় পাঁচ বছর তাঁর জীবন এক ধরনের বিরতির মধ্য দিয়ে গেছে। এই সময়ে নিয়মিত অভিনয় করতে না পারায় ক্যারিয়ারেও বড় প্রভাব পড়ে।
অসুস্থতার পর নিজের জীবনযাপনেও পরিবর্তন এনেছেন রাহুল। তিনি ধূমপান ছেড়েছেন এবং নিজের খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি নিয়মিত ওষুধও সেবন করছেন। একই সঙ্গে ধীরে ধীরে অভিনয়ের কাজেও ফিরতে শুরু করেছেন তিনি।
রাহুল তাঁর আর্থিক সংকটের কথাও প্রকাশ্যে বলেছেন। বিভিন্ন প্রতিবেদনে তাঁর ভাইয়ের সঙ্গে প্রায় ৩০ লাখ রুপির একটি বিরোধের কথা উঠে এসেছে। পাশাপাশি বিবাহবিচ্ছেদের পর নিজের সম্পদের বড় একটি অংশ স্ত্রীকে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে জীবনের এই পর্যায়ে তাঁকে আবার নতুন করে আর্থিক ভিত্তি গড়ে তুলতে হচ্ছে।
তবে কঠিন সময়েও সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন রাহুল। কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন, পূজা ভাটসহ বলিউডের কয়েকজন সহকর্মীর সহযোগিতার কথা উল্লেখ করেছেন তিনি। ‘আশিকি’র সহশিল্পী অনু আগরওয়াল, দীপক তিজোরি ও পরিচালক মহেশ ভাটের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন।
স্ট্রোকের চিকিৎসার সময় সালমান খান আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন বলেও দাবি করেছেন রাহুল। সাম্প্রতিক সময়ে তাঁর আর্থিক প্রয়োজনের কথা সামনে আসার পর ফারাহ খান ও অর্চনা পুরান সিংও তাঁকে সমর্থন জানিয়েছেন বলে তিনি জানান।
একসময় ‘আশিকি’র মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া রাহুল রায় এখন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চান। তাঁর নতুন প্রকল্প ‘সুপার বাদশাহ’র মাধ্যমে আবারও পর্দায় ফেরার সম্ভাবনা রয়েছে। বয়স ও নানা প্রতিকূলতা সত্ত্বেও নতুন করে নিজের জায়গা তৈরি করার প্রত্যয়ই এখন তাঁর সামনে সবচেয়ে বড় শক্তি।