ছবি: সংগৃহীত
বরফে ঢাকা ছোট্ট এক শহর। জনসংখ্যা মাত্র ১ হাজার ৮৯০। বাইরে থেকে দেখলে শহরটি শান্ত, নিরুত্তাপ ও প্রায় অপরাধমুক্ত। স্থানীয় বাসিন্দারা হাসিমুখে কথা বলেন, দোকানে স্বাভাবিকভাবেই কেনাকাটা চলে, আর মেয়রও বেশ বন্ধুবৎসল। এমন শহরে নতুন শেরিফের দায়িত্বও খুব একটা কঠিন হওয়ার কথা নয়।
এই ধারণা নিয়েই শহরে আসেন উলিসিস রিচার্ডসন। চরিত্রটিতে অভিনয় করেছেন বব ওডেনকার্ক। ছয় সপ্তাহের দায়িত্ব পালন করে অন্য শহরে চলে যাওয়ার পরিকল্পনা তার। কাগজপত্রে সই করা, ছোটখাটো ঝামেলা মেটানো—এর বেশি কিছু করার প্রয়োজন হবে না বলেই মনে করেছিলেন তিনি।
কিন্তু শহরের নাম ‘নরমাল’ হলেও বাস্তবে এখানকার কিছুই স্বাভাবিক নয়। বরফে ঢাকা শান্ত শহরটির আড়ালে লুকিয়ে রয়েছে লোভ, অস্ত্র, সহিংসতা, দুর্নীতি ও নানা গোপন হিসাব-নিকাশ। ধীরে ধীরে সেই অন্ধকার জগতের মাঝখানে জড়িয়ে পড়েন নতুন শেরিফ।
নিজের জীবন নিয়েও খুব একটা আশাবাদী নন উলিসিস। ফলে দায়িত্ব পালন করতে এসে শহরের রহস্যের মুখোমুখি হওয়া তার জন্য কেবল আইনশৃঙ্খলার বিষয় থাকে না; বরং নিজের জীবন ও সিদ্ধান্ত নিয়েও নতুন করে ভাবতে হয় তাকে। শান্ত শহরের মুখোশের আড়ালে থাকা অস্বাভাবিক বাস্তবতাই গল্পটিকে এগিয়ে নেয়।