collected
বরগুনার আমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ২ দশমিক ০৩৫ কেজি গাঁজাসহ মো. সজল হাওলাদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে আমতলী উপজেলার ৬ নম্বর আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানিকঝুড়ি বাজার এলাকায় আমতলী-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মানিকঝুড়ি বাজারে একটি মুরগির দোকানের সামনে মহাসড়ক থেকে সজল হাওলাদারকে আটক করা হয়। তার কাছ থেকে আকাশি রঙের পলিথিনে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ দশমিক ০৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের কাঁধ ব্যাগও জব্দ করা হয়েছে। ব্যাগটির ওপর সাদা রঙে ‘ARCTIC HUNTER’ লেখা রয়েছে।
গ্রেপ্তার সজল হাওলাদার বরগুনা সদর উপজেলার পরিরখাল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।