ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

Pinky Saha Pinky Saha ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ PM BST ২৫ বার পঠিত
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

Photo Collected

এক ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থের একটি অংশ স্থানান্তরের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। তবে ওই ব্যবসায়ী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট ভোরে তরুণ বাইরে থেকে নিজের কক্ষে ফিরে এলে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দুজন। তারা ব্যবসায়ীকে মারধর করেন এবং জোরপূর্বক তার কাছ থেকে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন।

এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে তরুণ বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে আরও ২ লাখ রুপি পাঠাতে বাধ্য হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নগদ ৫০ হাজার রুপিসহ মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে তার কাছে আরও ২৭ লাখ রুপি দাবি করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর ব্যবসায়ী তরুণ গুইন্ডি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

এরপর গত ২২ সেপ্টেম্বর মাইলাপুর থেকে অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোনও জব্দ করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ শেষে বর্ষিণীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত অভিনেত্রীর অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: