চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা ২০-২৫ ককটেল বিস্ফোরণ, দেয়াল ভাঙল

Sharmin Sultana Sharmin Sultana ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ PM BST রাজশাহী ১৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা ২০-২৫ ককটেল বিস্ফোরণ, দেয়াল ভাঙল

collected

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি বসতবাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ২০-২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির একটি দেয়াল ভেঙে পড়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামের এহু হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বাড়িটির মাটির নিচে ককটেলগুলো পুঁতে রাখা ছিল। একযোগে বিস্ফোরণের পর বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় ঘরের দেয়াল ভেঙে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বাড়ির মালিক এহু হোসেন ওই গ্রামের মো. ইসহাক আলীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বাড়ির মালিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ককটেলগুলো সেখানে কীভাবে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে। বিস্ফোরণের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হয়েছেন কি না, সে বিষয়েও তথ্য যাচাই করা হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: