collected
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক দম্পতি। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
স্থানীয়রা জানান, আগামী শুক্রবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে। এ উপলক্ষে বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী শহরে বিয়ের কেনাকাটা করতে যান আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন মারা যান। গুরুতর আহত হন আনোয়ার মালিথা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।