জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া
নতুন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রহস্যময় আবহে নির্মিত নতুন নাটক ‘লালপরী’ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। পরী কি শুধু রূপকথার গল্পেই থাকে, নাকি বাস্তবেও আমাদের আশপাশে ঘুরে বেড়ায়—এমন প্রশ্নই সামনে রেখে নাটকটির প্রচারণা শুরু হয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘লালপরী’র অফিসিয়াল ফাস্টলুক পোস্টার। পোস্টারে পরীর মতো আবহ এবং অর্চিতা স্পর্শিয়ার রহস্যময় উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ তার এই প্রশ্নের পর নাটকটির গল্প নিয়ে আরও আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত ‘লালপরী’ নাটকে অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। ফাস্টলুক প্রকাশের পর স্পর্শিয়ার নতুন চরিত্র ও নাটকটির রহস্যময় আবহ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা।
নাটকটি নিয়ে একটি বিষয় অবশ্য পরিষ্কার করেছেন অর্চিতা স্পর্শিয়া। তিনি জানিয়েছেন, ‘লালপরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। এতে তার বিপরীতে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন রেহান।
তবে নাটকের গল্পের মূল বিষয়বস্তু এখনই প্রকাশ করতে চান না স্পর্শিয়া। এ বিষয়ে তিনি বলেন, গল্প নিয়ে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। কারণ মাত্রই নাটকটির ফাস্টলুক প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পর গল্প সম্পর্কে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।
প্রযোজনা কর্তৃপক্ষও জানিয়েছে, ‘লালপরী’র গল্পের আসল চমক জানতে দর্শকদের ট্রেলার প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে অর্চিতা স্পর্শিয়ার নতুন চরিত্র, নাটকের রহস্য এবং ‘লালপরী’ আসলে কী—তা জানতে এখন দর্শকদের অপেক্ষার পালা।