collected
চট্টগ্রামের চন্দনাইশে একটি বৌদ্ধবিহারে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুরের বিজয়া রামবিহারে এ ঘটনা ঘটে।
বিহার কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা কয়েকজন অস্ত্রধারী বিহারের ভিক্ষু জ্ঞান রক্ষিতকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভিক্ষু জ্ঞান রক্ষিত জানান, ধর্মীয় কার্যাদি পালনের জন্য ভোররাত ৪টার দিকে তিনি তাঁর কক্ষের দরজা খোলেন। এ সময় কয়েকজন ব্যক্তি দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাঁর কক্ষে ঢুকে পড়েন। পরে তাঁকে খাটে বসিয়ে রেখে চুপ করে থাকতে এবং কথা বললে সমস্যা হবে বলে হুমকি দেন তারা।
এরপর অস্ত্রধারীরা তাঁর কাছ থেকে আলমারির চাবি নিয়ে নেন। পরে আলমারি খুলে প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে দাবি করেন তিনি।
জ্ঞান রক্ষিত আরও জানান, ডাকাতেরা চলে যাওয়ার সময় তাঁর কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে পাশের কক্ষে থাকা দুই শ্রমণকে ডেকে এনে দরজা খোলার ব্যবস্থা করেন তিনি।
ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম জানান, বিহার কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।